যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু তাজিকিস্তানের

যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু তাজিকিস্তানের

যুক্তরাষ্ট্রের আহ্বানের পর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে তাজিকিস্তান। দেশটি নিয়ে এ পর্যন্ত সাতটি রাষ্ট্র আদালত ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা শুরুর পর এ প্রক্রিয়ায় যুক্ত হওয়া চতুর্থ দেশ তাজিকিস্তান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার আইসিসির পরিচালনা পর্ষদের প্রেসিডেন্সি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞাপন

তাজিকিস্তানের আগে যুক্তরাষ্ট্রের আহ্বানের পর আইসিসি ছাড়ার ঘোষণা দিয়েছে চাদ, ভেনেজুয়েলা এবং প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাওরু। জুলাই মাসে যুক্তরাষ্ট্র দেশগুলোকে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানায়। এরপর থেকেই একের পর এক দেশ আদালতটি ছাড়ার উদ্যোগ নিচ্ছে।

এর আগে গত বছরের (২০২৫) এক ঘোষণায় বুরকিনা ফাসো, মালি ও নাইজারও আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার কথা জানায়। আদালতটিকে ‘নব্য-ঔপনিবেশিক দমন-পীড়নের হাতিয়ার’ আখ্যা দিয়ে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার না করায় তাজিকিস্তানের সমালোচনা করে আইসিসি। ২০২৫ সালে তাজিকিস্তান সফরে গিয়েছিলেন পুতিন। ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধবিষয়ক আদালত হিসেবে পরিচিত আইসিসি। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে প্রতিষ্ঠানটি। তবে সংশ্লিষ্ট দেশের আদালত বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলেই কেবল আইসিসি এ ধরনের অপরাধের বিচার করতে পারে।

আইসিসির পরিচালনা পর্ষদের প্রেসিডেন্সি সোমবারের বিবৃতিতে বলেছে, আদালত থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার এক বছর মেয়াদি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে সম্মিলিতভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে দায়মুক্তির অবসানে বৈশ্বিক উদ্যোগও দুর্বল হয়ে পড়তে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও কোনো রাষ্ট্র আদালতের সদস্য থাকা অবস্থায় চুক্তির আওতায় যেসব দায়বদ্ধতা তৈরি হয়েছে, সেসব থেকে মুক্তি পাবে না।

বর্তমানে আইসিসির সদস্যরাষ্ট্রের সংখ্যা ১২৫। তবে এ সংখ্যার মধ্যে আদালত থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা সাতটি দেশও রয়েছে। সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...