গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের সামনে পারাপার হতে গিয়ে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

করতোয়া এক্সপ্রেস নামক ট্রেনটি যাত্রা বিরতি শেষে ছেড়ে দিলে রিপন মিয়া (৩৩) নামের ওই যুবক পার হতেই ইঞ্জিনের নিচে পড়ে গিয়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন কলেজ মোড় সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের (ধুনদিয়া) গ্রামের মৃত্যু দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে গাইবান্ধার উদ্দেশে রওনা হওয়ার পর কলেজ মোড় সিগন্যাল এলাকায় রিপন মিয়া রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানান, আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন