জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার ১০ বছর বয়সী ৭ হাজার কিশোরীকে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এক ডোজের এই টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। সিলেট সিটি করপোরেশনের সহায়তায় স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জানানো হয়, দেশে প্রতিবছর প্রায় ৯ হাজার নারী জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় ৫ হাজার নারী মৃত্যুবরণ করেন। এই রোগ প্রতিরোধে সরকার কিশোরীদের মধ্যে এইচপিভি টিকাদান কর্মসূচি পরিচালনা করছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কিনোট পেপার) উপস্থাপন করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, স্বাস্থ্যের প্রায় প্রতিটি সূচকে সিলেট অঞ্চল পিছিয়ে আছে। মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, পুষ্টিহীনতা এমনকি দারিদ্র্যের ক্ষেত্রেও এ অঞ্চলের অবস্থান উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সিলেটের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। এ জন্য প্রয়োজনে শিশু ও স্ত্রীরোগ (গাইনি) বিশেষজ্ঞদের কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি এইচপিভি টিকা গ্রহণে সহযোগিতার জন্য সিলেট নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী এবং সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। অনুষ্ঠানে সিলেট স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের প্রতিনিধিরা ছাড়াও শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

