ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট ২০২৬’-এর আজ দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্প ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন।
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার (-০.২ মি./সে. বাতাসের গতি) লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করার পাশাপাশি বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। এর আগে প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন স্বপ্না। তবে তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য হয়।
মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় স্বপ্নার। এ ইভেন্টে ভারতের সাধনা রবি নিজের শেষ, অর্থাৎ ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার (+০.৫ মি./সে.) লাফিয়ে স্বর্ণপদক জিতে নেন। আর ১২.৯৬ মিটার (+০.১ মি./সে.) দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পান শ্রীলঙ্কার এলএসডব্লিউ আরাচ্চি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

