টুঙ্গিপাড়া থানায় হামলা, ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া থানায় হামলা, ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে ১ নম্বর এবং সহসভাপতি ইলিয়াস সরদারকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৮ হাজার জনকে।

হামলায় থানার অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের পাশাপাশি সরকারি সম্পত্তির প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ নভেম্বর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে। এ সময় তারা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। একপর্যায়ে তারা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে থানার সরকারি গাড়ি, থানা ভবন, পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়।

মামলার বিবরণীতে তালিকায় অস্ত্র ও গোলাবারুদের মধ্যে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, ৮টি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস শেলের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৮টি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং ৩টি এসএমজি, ৬টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় রয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।

মামলার তদন্তকারী কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...