আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পরিচয় বদলাতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুধু অংশগ্রহণ নয়, আগামী পাঁচ বছরের মধ্যে এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়। এ পরিকল্পনার আওতায় ১৫টি খেলাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নিয়মিত ক্রীড়া ভাতা পাবেন ৩৭২ জন নির্বাচিত খেলোয়াড়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে ‘ওপেন এয়ার গান চ্যাম্পিয়নশিপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে এখন থেকে শুধু অংশগ্রহণের জন্য নয়, পদকের লক্ষ্য নিয়েই প্রস্তুত হতে হবে। সে জন্য সাময়িক উদ্যোগের পরিবর্তে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে বছরজুড়ে ধারাবাহিক ও কাঠামোবদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
পরিকল্পনার অংশ হিসেবে আগামী জানুয়ারি থেকে ৩৭২ জন নির্বাচিত খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতা দেওয়া শুরু হবে। শুটিংয়ে যাঁরা অনুশীলন ও প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো করবেন, ভবিষ্যতে তাঁদের মধ্য থেকে আরও বেশি খেলোয়াড়কে এই ভাতার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে।
তৃণমূল পর্যায়ে প্রতিভা খুঁজে বের করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। চলমান প্রতিভা বিকাশ কার্যক্রমের তৃতীয় সিজনে নতুন করে যুক্ত হচ্ছে শুটিং ও আর্চারি। জেলা পর্যায়ের শুটিং ক্লাবগুলোকে আবারও সক্রিয় করতে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
শৈশব থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে প্রয়োজনে পঞ্চম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে শুটিং অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি সাবেক জাতীয় খেলোয়াড়দের কল্যাণেও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে ২০০ জন সাবেক জাতীয় খেলোয়াড়কে মাসে ২৫ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে। এ ক্ষেত্রে আর্থিকভাবে অসচ্ছল ও অসুস্থ সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রণালয়ের এই পাঁচ বছরের পরিকল্পনায় একদিকে যেমন সম্ভাবনাময় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা এবং সাবেক খেলোয়াড়দের আর্থিক সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের ধারাবাহিকতা ধরে রাখাই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

