ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বাদ দিয়ে কোচিং সেন্টারে পড়ানোর বিষয়েও সরকার নজর রাখছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি এবং পরীক্ষায় কোনো নকল করা চলবে না। অনেক শিক্ষক রয়েছেন, যারা স্কুলে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। এ বিষয়ে আমরা নজর রাখছি। শিক্ষকদের ক্লাসরুমে পড়াতে হবে। যেসব এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দায়িত্ব পালনে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমার দায়িত্ব শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করা। কিন্তু অনেক সময় শিক্ষকেরা তাদের কর্তব্য পালন না করে মিছিল-মিটিংয়ে যোগ দেন। এসব বিষয় থেকে বিরত থেকে শিক্ষকদের ক্লাস নেওয়ায় মনোযোগী হতে হবে।’

শিক্ষক নেতৃত্বের প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, শিক্ষক নেতা তিনিই হবেন, যার সনদে (সার্টিফিকেট) ভালো ফলাফল থাকবে; নকল সনদ দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না। এ সময় শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন