বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত এবং দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির ২৩তম কাউন্সিল সভা এবং ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআইএসটির ২৩তম কাউন্সিল সভায় প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিল সভা শেষে মন্ত্রী এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
পরে ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন ড. এহছানুল হক মিলন। তিনি কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শিক্ষামন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা জরুরি। এমআইএসটিকে একটি আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে মেধা ও মননের বিকাশের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
আইএসপিআর জানায়, এমআইএসটির ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। এর মধ্যে ৯৪৩ জন সামরিক, ২ হাজার ৭১৮ জন বেসামরিক এবং ৭ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, এমআইএসটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


