চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে এক লাখ টাকা দাবি করে না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার চার দিন পর বুধবার ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় ভয়ে এত দিন মুখ না খুললেও প্রাণনাশের হুমকির কারণে শেষ পর্যন্ত প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি।
গত ২০ নভেম্বর উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৈড়লা এলাকার কৃষ্ণের চায়ের দোকানের সামনে একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ মিয়া মাস্টারের বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে। পেশায় তিনি জমি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে জাহাঙ্গীর আলম তার পরিচিত বরুন (৫৩) ও মো. বেলাল (২৮)-কে সঙ্গে নিয়ে গৈড়লা এলাকার একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরেন। পরে তাঁরা পুকুরপাড়ে বসে গল্প করছিলেন। এ সময় অভিযুক্তদের মধ্যে প্রথম তিনজন পেছন থেকে তাকে ধরে পুলিশ ও ডিবি পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়েও আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা জাহাঙ্গীরকে মারধর করতে করতে বসতঘর থেকে টাকা এনে দিতে বলেন। একপর্যায়ে তাঁর পরনের শার্টের পকেটে থাকা ৪ হাজার ২০০ টাকা নিয়ে যান। বাকি টাকা পরদিন সকালের মধ্যে পরিশোধ না করলে তাকে প্রাণে হত্যা করে লাশ গুম এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেন তাঁরা।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, অভিযুক্তরা ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিজের অনুসারী হওয়ায় ভয়ে তিনি এত দিন মুখ খোলেননি। এ ঘটনায় তিনি পটিয়া থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, যিনি অভিযোগ করেছেন, তাকে নিয়ে মাদকের বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীর একটি সালিশি বৈঠক হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারাই ওই বৈঠকের আয়োজন করেছিলেন। মূলত এ বিষয়টি নিয়েই বিরোধের সূত্রপাত। পুলিশ পরিচয়ে কেউ অপরাধ করে থাকলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

