আদানির একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ কমল ৫০০ মেগাওয়াট

আদানির একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ কমল ৫০০ মেগাওয়াট

ভারতীয় আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় দেশে বিদ্যুৎ সরবরাহ প্রায় ৫০০ মেগাওয়াট কমেছে। বিগত দিনগুলোতে দুই ইউনিট চালু অবস্থায় পিক আওয়ারে যেখানে ১ হাজার ১১২ থেকে ১ হাজার ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আসত, বৃহস্পতিবার তা ৮২৩ থেকে ৮৪৯ মেগাওয়াটে নেমে এসেছে। তবে শীতকাল শুরু হওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম রয়েছে জানিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বলছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে আপাতত বড় ধরনের কোনো সমস্যা হবে না।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের উৎপাদন বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ শেষে ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পুনরায় চালু করার কথা রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বিপিডিবি সম্মতি দিয়েছে।

বিজ্ঞাপন

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) ঘণ্টাভিত্তিক উৎপাদন ও আমদানির তথ্য অনুযায়ী, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটের নেট সক্ষমতা ৭৪৮ মেগাওয়াট (মোট গ্রস সক্ষমতা ৮০০ মেগাওয়াট) হলেও কারিগরি নকশা ও গ্রিডের চাহিদার ওপর ভিত্তি করে একটি ইউনিট সাময়িকভাবে সর্বোচ্চ প্রায় ৮৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট হলেও গোড্ডা কেন্দ্র থেকে সাধারণত দিনে ও পিক আওয়ারে ১ হাজার ১১২ থেকে ১ হাজার ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আসত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...