মহাকাশে ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সকে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এ অনুমোদন দেয়। তবে এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের একাংশ।
এফসিসি জানিয়েছে, স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ স্যাটেলাইট নেটওয়ার্ক বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করবে, যা পৃথিবীতে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত নথি অনুযায়ী, ২০৪০ সাল পর্যন্ত এ অনুমোদন কার্যকর থাকবে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডান কার এক বিবৃতিতে বলেন, ‘অতিবুদ্ধিমত্তার যুগে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।’ তাঁর ভাষায়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখতে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
গত এক বছরে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্পেসএক্সের পাশাপাশি গুগল ‘সানক্যাচার’ নামের প্রকল্প নিয়ে কাজ করছে। অন্যদিকে জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনও ‘প্রজেক্ট সানরাইজ’ নামে একটি প্রকল্পের জন্য এফসিসির কাছে আবেদন করেছে।
এ ছাড়া স্টারক্লাউডসহ কয়েকটি নতুন প্রতিষ্ঠানও এ প্রতিযোগিতায় রয়েছে। ২০২৫ সালের শেষ দিকে স্টারক্লাউড একটি স্যাটেলাইটে উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) সফলভাবে পরিচালনা করে। একই ধরনের সক্ষমতা অর্জনের কথা জানায় গুগলও।
এ ক্ষেত্রে স্পেসএক্সের বড় সুবিধা হলো, প্রতিষ্ঠানটির নিজস্ব রকেট রয়েছে, যা ইতোমধ্যে শত শত মহাকাশ অভিযান সম্পন্ন করেছে।
গত আগস্টে মাস্ক জানিয়েছিলেন, ২০২৭ সালের শেষ প্রান্তিকে স্পেসএক্সের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এ ছাড়া মহাকাশে ব্যবহারের উপযোগী বিশেষভাবে তৈরি সর্বাধুনিক ‘ভেরা রুবিন’ প্রসেসর সরবরাহে চিপ নির্মাতা এনভিডিয়ার সঙ্গে চুক্তি করেছে স্পেসএক্স।
জ্যোতির্বিজ্ঞানীদের উদ্বেগ
মহাকাশভিত্তিক ডেটা সেন্টার প্রকল্পগুলোর অধিকাংশের পরিকল্পনা প্রায় একই রকম। এসব প্রকল্পে পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) কাছাকাছি অবস্থানে অসংখ্য স্যাটেলাইট স্থাপন করা হবে, যাতে সেগুলোর মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ বজায় থাকে।
স্টারমাইন্ডের স্যাটেলাইটগুলো মহাকাশে আগে থেকেই থাকা স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করবে। পরে সেখান থেকে তথ্য পৃথিবীতে পাঠানো হবে।
তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু প্রযুক্তিগত ও পরিবেশগত চ্যালেঞ্জ রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মহাকাশের তীব্র বিকিরণ থেকে প্রসেসরগুলোকে সুরক্ষিত রাখা, চরম তাপমাত্রা মোকাবিলা এবং মহাকাশের আবর্জনা ও ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাত থেকে স্যাটেলাইট রক্ষা করা বড় চ্যালেঞ্জ।
বুধবারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস)। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, প্রস্তাবিত স্যাটেলাইট নেটওয়ার্ক জ্যোতির্বিজ্ঞান গবেষণা অবকাঠামো এবং রাতের আকাশ পর্যবেক্ষণের ক্ষেত্রে কয়েক দশকের সরকারি বিনিয়োগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সংগঠনটির মতে, প্রস্তাবিত নেটওয়ার্কে তুলনামূলক বড় ও বেশি উজ্জ্বল স্যাটেলাইট থাকবে। ফলে রাতের আকাশে এগুলো দীর্ঘ সময় ধরে অত্যন্ত উজ্জ্বল বস্তু হিসেবে দৃশ্যমান হবে।
পরিবেশ ও জনস্বার্থবিষয়ক অলাভজনক সংগঠন আর্থজাস্টিসের জ্যেষ্ঠ আইনজীবী জান হাসেলম্যান বলেন, মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর প্রভাব মানুষের দৈনন্দিন জীবন এবং পৃথিবীর ভবিষ্যৎ—দুই ক্ষেত্রেই পড়বে।
তবে পৃথিবীর পরিবর্তে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের কিছু সুবিধাও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সৌরশক্তির ব্যবহার। সূর্য-সমলয় কক্ষপথে থাকা স্যাটেলাইট প্রায় অবিচ্ছিন্নভাবে সৌরশক্তি সংগ্রহ করতে পারে। পৃথিবীতে স্থাপিত সমপর্যায়ের ব্যবস্থার তুলনায় এ পদ্ধতিতে আট গুণ পর্যন্ত বেশি দক্ষতায় সৌরশক্তি আহরণ সম্ভব।
উল্লেখ্য, গত জুনে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে প্রায় ৮ হাজার ৫৭০ কোটি ডলার সংগ্রহ করেছে স্পেসএক্স।
সূত্র: ডন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


