চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। তার বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর মহসিনকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাই এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
চট্টগ্রামের পোশাক ও বস্ত্রশিল্প খাতের পরিচিত প্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপ। ১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন গ্রুপটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে পোশাকশিল্পের বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারিত হয়। একসময় গ্রুপটির অধীনে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কাজ করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।
আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পাঁচটি মামলায় মোট পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় আদালত-সংশ্লিষ্ট সূত্রে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।
এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

