দিরাই পৌরসভায় ১৫ কোটি টাকার বাজেট

দিরাই পৌরসভায় ১৫ কোটি টাকার বাজেট

রাজস্ব ও সার্বিক বাজেটে উদ্বৃত্ত রেখে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে পৌরসভার সার্বিক উন্নয়নে মোট ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে। এতে শহরের যাতায়াত ব্যবস্থা ও ভৌত অবকাঠামো মজবুত করতে অবকাঠামোগত উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাজেটটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বাজেটের বিস্তারিত বিবরণ তুলে ধরেন দিরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।

বাজেটে আগামী অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, উন্নয়ন খাতে সম্ভাব্য বরাদ্দ ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা। এ খাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। রাজস্ব ও উন্নয়ন—উভয় খাতের আয়-ব্যয়ের হিসাব শেষে বাজেটে সার্বিক উদ্বৃত্ত থাকবে ৭ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা।

বাজেটে নাগরিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সিংহভাগ অর্থ অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণ খাতেই সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট অধিবেশন-পরবর্তী আলোচনা সভায় বক্তারা পৌরসভার নাগরিক সেবা আরও আধুনিক, সহজ ও গতিশীল করার তাগিদ দেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার সংকট সমাধান, যানজট কমানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান।

দিরাই পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাজেট অধিবেশনে অংশ নেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন