চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

পাবনার ঈশ্বরদীর পার্শ্ববর্তী মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আগুনের ঘটনায় বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামিয়ে যাত্রী ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঝগ্রাম স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বগির বৈদ্যুতিক অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার ও ছোটাছুটি শুরু করেন। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেন বলে জানান তারা।

ট্রেনে থাকা যাত্রী আব্দুল হামিদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রী ও ট্রেনের কর্মচারীরা মিলে আগুন নেভান।

আরেক যাত্রী আসাদুল ইসলাম বলেন, আগুনে বগিটির বড় ধরনের ক্ষতি হয়নি। যে অংশে আগুন লেগেছিল, মূলত ওই অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

ট্রেনটি পরে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছালে ক্ষতিগ্রস্ত বগিটিকে ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়।

ঘটনার বিষয়ে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, যেকোনো সমস্যার কারণে ওই ট্রেনের একটি বগি ড্যামেজ করা হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি বৈদ্যুতিক বিভাগ বলতে পারবে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, একটি ট্রেনের বগিতে সমস্যা হয়েছিল বলে শুনেছেন। পরে তা সমাধান করা হয়েছে। তবে কী ধরনের সমস্যা হয়েছিল তা বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং বগিটির বৈদ্যুতিক ত্রুটির বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করে বিস্তারিত জানাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন