দিনভর জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

এটিএম আজহারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

এটিএম আজহারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

কারাবন্দি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দিনভর কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচি পালন করে দলটি। জামায়াতের সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারিকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আমার দেশের প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর: দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করে জেলা জামায়াত। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক জেলা আমীর আফতাব উদ্দীন মোল্লা ও আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস ১০ দিন পর রাজপথে নামতে বাধ্য হয়েছে জামায়াত। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সব জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। কিন্তু কিছুই হয়নি। ফাঁসির আসামিসহ অনেকে মুক্তি পেলেও আজহারুল ইসলাম মুক্তি পাননি। এতে বিস্মিত ও হতবাক দেশের সাধারণ মানুষ।

ময়মনসিংহ: জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ-সমাবেশ করা হয়। মিছিলে হাজারও নেতাকর্মী অংশ নেন।

কুমিল্লা: কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করেছে জামায়াত। মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তর ও দক্ষিণ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

জামালপুর: জামালপুর শহরের গেটপাড় এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে জেলা জামায়াত। শহর জামায়াতের আমির খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, সাবেক জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীসহ আরও অনেকে।

সুনামগঞ্জ: দুপুরে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ-মিছিল করেছে জেলা জামায়াত। পরে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।

বরিশাল: বরিশালে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল মহানগরের সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাজি প্রমুখ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম প্রমুখ।

জয়পুরহাট: জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন দলটির গুরুত্বপূর্ণ নেতারা। বক্তারা এটিএম আজহারের মুক্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন