ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে বিএনপির পতাকাতলে আসুন: প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে বিএনপির পতাকাতলে আসুন: প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবাইকে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি গণমানুষের দল এবং দেশের সব ভালো কাজে দলটি সবসময় অগ্রণী ভূমিকা রাখে। রংপুরসহ দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে রংপুরের পীরগাছা জেএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, "বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। মাদকমুক্ত তারুণ্য গড়তে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খেলাধুলার সুযোগ বাড়লে তরুণ প্রজন্ম মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।"

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ এলাকায় জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে যেন কেউ ভুল না করেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে রংপুর সফরের অংশ হিসেবে শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী রংপুরের উন্নয়ন ও ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহত্তর রংপুরের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিনাজপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে লালমনিরহাট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এমদাদুল হক ভরসা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আফছার আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, লিটন পারভেজ, মাহামুদুন নবী চৌধুরী পলাশ ও মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারসহ অন্যান্য নেতা-কর্মী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...