ওকাফোরের জোড়া গোল

১৯৯৯ সালের পর চেলসির মাঠে লিডসের ঐতিহাসিক জয়

১৯৯৯ সালের পর চেলসির মাঠে লিডসের ঐতিহাসিক জয়

নোয়া ওকাফোরের জোড়া গোলে ১৯৯৯ সালের পর চেলসির মাঠে প্রথম জয় তুলে নিয়েছে লিডস ইউনাইটেড। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা, যা চতুর্থ স্থানে থাকা বোর্নমাউথের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে।

বিজ্ঞাপন

সান্ডারল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলাতে নামা চেলসি ২৮ মিনিটে এগিয়ে যায় গ্রীষ্মের দলবদলে আসা ইমানুয়েল এমেগার গোলে। নিজের পূর্ণাঙ্গ অভিষেকে বাঁ পায়ের জোরালো শটে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন এই ডাচ ফরোয়ার্ড। তবে সেই স্বস্তি মাত্র তিন মিনিট স্থায়ী হয়েছিল; চেলসির ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে নিচু শটে দূরের কোনায় বল জড়িয়ে সমতা ফেরান ওকাফোর।

স্টামফোর্ড ব্রিজে প্রথমার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করেন ডমিনিক ক্যালভার্ট-লুইন—একবার ক্রসবারে লাগান এবং দুবার তার হেড আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে ভুল করেননি তিনি। জেইডেন বোগলের শট মর্গ্যান রজার্স হাত দিয়ে আটকালে রেফারি মাইকেল অলিভার পেনাল্টির বাঁশি বাজান, আর নিচু শটে লক্ষ্যভেদ করেন ক্যালভার্ট-লুইন।

ম্যাচের ৫৮ মিনিটে লাফিয়ে ওঠা বল দারুণভাবে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল ও লিডসের নিয়ন্ত্রণ আরও পোক্ত করেন ওকাফোর। চেলসি কোচ জাবি আলোনসো দ্রুত ড্যানি ওয়েলবেক ও পেদ্রো নেতোকে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও লিডসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। একেবারে শেষ মুহূর্তে মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে একা বেরিয়ে গিয়ে নিচু শটে ব্যবধান আরও বাড়ান ব্রেন্ডেন অ্যারনসন। এই হারে লিগ টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে চেলসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন