পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী খাতুনকে (৩৮) গলা টিপে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে।
মঙ্গলবার ভোরে ফরিদপুর উপজেলার এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী খাতুন ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে এবং অভিযুক্ত জহুরুল একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঞ্জুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে জহুরুল ইসলামের সঙ্গে শিল্পী খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এর ১৩ বছর পর স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন জহুরুল এবং অধিকাংশ সময় সেখানেই অবস্থান করতেন। গত ১২ নভেম্বর তিনি প্রথম স্ত্রী শিল্পী খাতুনের সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিল্পীকে মারধর করে গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মোঞ্জুরুল হাসান মাসুদ বলেন, ‘নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী জহুরুল স্ত্রী শিল্পীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

