থানা পুড়িয়ে লুটপাটের পরও কি আইনশৃঙ্খলা স্বাভাবিক বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী: প্রশ্ন সাদিক কায়েমের

থানা পুড়িয়ে লুটপাটের পরও কি আইনশৃঙ্খলা স্বাভাবিক বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী: প্রশ্ন সাদিক কায়েমের
ডাকসু ভিপি সাদিক কায়েম

গোপালগঞ্জে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের ভূমিকা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বিজ্ঞাপন

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য সরকারের নীরব প্রশ্রয়কে দায়ী করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দেশের ইতিহাসের ‘সবচেয়ে ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন।

বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যার অভিযোগ তুলে যারা মায়াকান্না করেছিল, সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এখন থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়ন চালানোর পর তারা আবারও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডাকসু ভিপি বলেন, দেশের শত্রু এই হিংস্র গোষ্ঠীর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তবে সরকারের নীরব প্রশ্রয়ের কারণেই গোপালগঞ্জের পরিস্থিতি আজকের এই পর্যায়ে পৌঁছেছে বলে তিনি দাবি করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে সাদিক কায়েম প্রশ্ন রাখেন, ‘থানা পুড়িয়ে লুটপাটের পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ?’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন