চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ৭টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন- জয় দাশ (২১) ও সীমান্ত মল্লিক (২২)।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের রাউজান থেকে দুই যুবক ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে বেড়াতে যায়। ফেরার পথে রাঙাপানি চা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই যুবক গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবক জয় দাশ রাউজান উপজেলার নোয়াজিসপুর এলাকার সঞ্জিত দাশের ছেলে ও অপর যুবক সীমান্ত মল্লিক ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃণাল মাস্টার বাড়ির দুলাল মল্লিকের ছেলে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

