সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার বিকেল ৪টার দিকে নাগেশ্বরী পৌর শহরের ডিএম একাডেমি স্কুলসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুজ্জামান রনি উপজেলার কুটি বামনডাঙ্গা এলাকার শাহ আলমের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৪ এবং জিআর নম্বর ২০১। ২০২৫ সালের ১৭ অক্টোবর মামলাটি দায়ের করা হয়।

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন