সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল অর্থের বিনিময়ে সীমান্তপথে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেলে বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ সীমান্তে খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মো. বারি (৪২)।
বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মন্টু লাল ও নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে মো. বারিকে আটক করা হয়।
আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

