মানবিক কার্যক্রম সম্প্রসারণ ও নাগরিক সেবার মানোন্নয়নে গত এক বছরে নানা উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, ভূমিসেবা সহজীকরণ, গণশুনানি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এবং সন্ত্রাসপ্রবণ এলাকা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। একইসাথে অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বন্যা মোকাবিলা, পরিবেশ রক্ষায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু নিধনে বিশেষ ক্যাম্পেইন ও জেলাজুড়ে একদিনে এক লাখ বৃক্ষরোপণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
জেলা প্রশাসক জানান, ভূমিসেবায় হয়রানি কমাতে সহায়তা কেন্দ্রগুলো অনলাইনভিত্তিক করা হচ্ছে। প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসীদের জন্যও নিয়মিত অনলাইন গণশুনানির ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অনলাইনে ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে চট্টগ্রাম দেশের সব জেলার মধ্যে প্রথম হয়েছে। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন ও নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা সিজন-২ এ দেশের সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন করেছে চট্টগ্রাম জেলা।
জেলা প্রশাসক বলেন, মানবিক উদ্যোগের অংশ হিসেবে জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারপ্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর চিকিৎসায়ও সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনা মূল্যে চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, গত এক বছরে জেলা প্রশাসনের অন্যতম আলোচিত উদ্যোগ ছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা। ওই এলাকার নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১৬ কিলোমিটার সড়ক নির্মাণের কাজও শেষে হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডিসি জানান, তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। একইসাথে উৎসবে নতুন সংস্কৃতি প্রবর্তনের অংশ হিসেবে ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ প্রতিপাদ্যে ফেস্টিভ সেল কার্যক্রম করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় জিরো পয়েন্ট সংস্কার, সার্কিট হাউজ আধুনিকায়ন, ডিসি বাংলোতে আধুনিক মসজিদ ও জেলা স্টেডিয়াম গ্যালারি ও প্যাভিলিয়ন আধুনিকায়ন করা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ওয়ান টু ওয়ান ইন্টারকম ‘স্বজন’, ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব, ডিসি হিলে নজরুল স্কয়ার সংস্কার, ডিসি হিলে আন্তর্জাতিক মানের মঞ্চ স্থাপন করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে উপ-পরিচালক স্থানীয় সরকার প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএল) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ নগরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

