লটকন চাষে স্বাবলম্বী মনোহরদীর আক্তার

লটকন চাষে স্বাবলম্বী মনোহরদীর আক্তার
মনোহরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষক আক্তার হোসেন।

সাফল্যের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম এবং নিজের কাজের প্রতি ভালোবাসা। সেই বাস্তবতারই উজ্জ্বল দৃষ্টান্ত নরসিংদীর মনোহরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সফল কৃষক আক্তার হোসেন। একসময় অভাব-অনটনে দিন কাটলেও বর্তমানে লটকন চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, ২০০৯ সালে নিজের তিন বিঘা পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ জমিতে লটকনের চারা রোপণ করেন আক্তার হোসেন। দীর্ঘদিন পরিচর্যার পর ২০১২ সাল থেকে বাণিজ্যিকভাবে লটকন বিক্রি শুরু করেন। এরপর গত ১২ বছর ধরে প্রতি বছর লটকন বিক্রি করে গড়ে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করছেন। চলতি মৌসুমেও প্রায় ১০ লাখ টাকার লটকন বিক্রি করেছেন তিনি।

আক্তার হোসেন জানান, শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন। বর্তমানে লটকন চাষই তার পরিবারের প্রধান আয়ের উৎস। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার এখন সচ্ছলভাবে চলছে।

কৃষক আক্তার হোসেন বলেন, একসময় সংসারে অনেক অভাব ছিল। কিন্তু লটকন চাষ শুরু করার পর ধীরে ধীরে সেই অভাব দূর হয়েছে। এখন আল্লাহর রহমতে ভালোভাবেই সংসার চলছে।

মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার বলেন, লটকন একটি সম্ভাবনাময় ফল। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করলে এ ফল চাষে ভালো লাভ করা সম্ভব। আক্তার হোসেনের সাফল্য অন্য কৃষকদের জন্য অনুকরণীয়। কৃষি বিভাগ সব সময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন