এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে

চট্টগ্রাম বন্দরে জাতীয়তাবাদী শ্রমিক দলের গণঅনশন

 চট্টগ্রাম বন্দরে জাতীয়তাবাদী শ্রমিক দলের গণঅনশন
ছবি: আমার দেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিকদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার চট্টগ্রাম বন্দর ভবনের ওয়ান স্টপ সার্ভিসের সামনে বেলা ১১টার পর এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি বিকেল ৪টায় পর্যন্ত চলার কথা রয়েছে।

বিজ্ঞাপন

অনশনে অংশ নেওয়া নেতারা জানান, দেশের গুরুত্বপূর্ণ এই সমুদ্রবন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থি। বন্দর নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত চুক্তি বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, শ্রমিকদের চাকরির নিশ্চয়তাসহ গণবিরোধী চুক্তি বাতিল করতে হবে। আজকের কর্মসূচির আগে আমরা সরকারকে চুক্তি বাতিলের জন্য সময় দিয়েছিলাম। দাবি আদায় না হওয়ায় আজকের এই অনশন কর্মসূচি।

গত ৮ অক্টোবর বিকেলে ঢাকার ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চুক্তিতে সই করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন