আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাম্পারে পিষ্ট হয়ে প্রাণ হারালেন জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ডাম্পারে পিষ্ট হয়ে প্রাণ হারালেন জামায়াত নেতা

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের সফল উদ্যোক্তা, জামায়াতে ইসলামীর সেন্টমার্টিন ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আবদুল মালেক কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নামে। কক্সবাজার সদর হাসপাতালে তার মরদেহ দেখতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভীড় দেখা গেছে।

বিজ্ঞাপন

নিহত মালেকের বড় ভাই আব্দুর রহিম জিহাদী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাই রোজাও রেখেছে। একসাথে আজ দুই ভাই সেহেরি খেয়েছি৷ মাছ বড়টা সে আমাকে পাতে তুলে দিয়ে বলেছে- আমার ভাই ওমরাহ যাবে তাই!

তিনি জানান, ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল মালেকদের বহনকারী সিএনজি অটোরিক্সাটি ধুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল মালেক মারা যান। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে আব্দুল মালেকের মৃত্যুর পর সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার ফেসবুক বাইওতে লেখা কথা গুলো। তিনি ফেসবুক বাইওতে লিখে রেখেছেন-“মৃত্যুর পরে আমার লাশটি জন্মভূমি সেন্টমার্টিনে বাবা-মা'য়ের কবরের পাশে শায়িত করিও”!

অপরদিকে আব্দুল মালেকের মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। তিনি বলেন, তাঁর এ প্রস্থান দ্বীপবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বিনয়ী, পরোপকারী ও মানুষের কল্যাণে নিবেদিত একজন মানুষ।

মাওলানা আনোয়ারী বলেন, “মহান রবের দরবারে দোয়া করি—আল্লাহ সুবহানাহু ওয়া তা-আলা তাঁকে ক্ষমা করুন, কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ও সবর দান করুন। আমীন”

এদিকে বুধবার সন্ধ্যার পর আব্দুল মালেকের মরদেহ কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন