দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল আড়াই লাখ

আমার দেশ অনলাইন

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল আড়াই লাখ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় আনা হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৪৮ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

উল্লেখ্য, এর মাত্র ছয় দিন আগে, ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। একইভাবে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও কমানো হয়েছিল। ওই দরেই আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত স্বর্ণ বিক্রি হয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে, যা আগের তুলনায় যথাক্রমে ৩৫০, ২৯১ ও ২৩৩ টাকা বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন