নতুন আলুর বাজার চড়া

নতুন আলুর বাজার চড়া
ফাইল ছবি

রাজধানীর বাজারে উঠেছে নতুন আলু, যা ক্রেতা চাহিদার শীর্ষে। তবে দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। কৃষক থেকে খুচরা বিক্রেতা সবাই চড়া দাম হাঁকছেন। রাজধানীর বাজারগুলোতে দেড়শ থেকে ২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু। বর্তমান বাজারে শীতের বিভিন্ন সবজি সহজলভ্য হলেও দামে সবার উপরে নতুন আলু।

বগুড়া ও দিনাজপুরের কৃষকরা আগাম জাতের এই আলু মানভেদে মাঠেই বিক্রি করছেন ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। অর্থাৎ কৃষকের দর থেকে খুচরা ক্রেতার দরের মধ্যে প্রতি কেজিতে ব্যবধান দাঁড়াচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

বিজ্ঞাপন

রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি প্রতি কেজি নতুন আলু ১২৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২শ টাকা পর্যন্ত।

আমার দেশ-এর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, কিশোরগঞ্জের কৃষকরা কারেজ ও সেভেন জাতের আগাম আলু উত্তোলন করছেন। তারা আলু রোপণের মাত্র ৫৫ দিনের মাথায় আলু তুলছেন এবং প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন। পাইকাররা ক্ষেত থেকেই আলু নিয়ে যাচ্ছেন। ‍অপর দিকে গত মৌসুমে উৎপাদিত পুরোনো আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজি দরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন