নিরাপদ মানুষ চাই

নিরাপদ মানুষ চাই

দুনিয়াতে মানুষের অভাব নেই। তবে ভালো ও নিরাপদ মানুষের খুবই অভাব। নিরাপদ মানুষ মানেই যার আশপাশের অন্য সবাই নিরাপদ। নিরাপদ মানুষ বলতে এমন মানুষকে বোঝায়, যার আচার-আচরণ, কথাবার্তা, লেনদেনসহ জীবনের সব কর্মকাণ্ডে অন্যরা নিরাপদ বোধ করে। একজন অনিরাপদ মানুষ সারা জাহানের অশান্তির কারণ হতে পারে। তার কারণে বিশ্ব অনিরাপদ হয়ে উঠতে পারে। ইতিহাসে এমন অনেক অনিরাপদ শাসকের দৃষ্টান্ত রয়েছে, যাদের ঔদ্ধত্যপূর্ণ ও নেতিবাচক আচরণের কারণে অসংখ্য মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এবং নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

ইতিহাসের পাতায় সবচেয়ে নিরাপদ মানুষ হলেন মুহাম্মদ (সা.)। তিনি এমন একজন নিরাপদ মানুষ ছিলেন যে, ইহুদি-খ্রিষ্টানসহ সব শ্রেণি-পেশার মানুষ তাকে নিরাপদ মনে করতেন। তারা নিজেদের সমস্যার কথা তার কাছে তুলে ধরতেন এবং মূল্যবান সামগ্রী তার কাছে আমানত রাখতেন। তার কাছ থেকে আশপাশের সব মানুষ নিরাপত্তা অনুভব করতেন। গোটা বিশ্ববাসীর কাছে তিনি একজন বিশ্বস্ত ও নিরাপদ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে হলে নিরাপদ মানুষের সংখ্যা বাড়াতে হবে।

বিজ্ঞাপন

নবী (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সে-ই, যার জিব ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।’ (বুখারি : ১০; মুসলিম : ৪০)

এই নিরাপদ মানুষ হওয়ার প্রতিই ইসলাম আমাদের উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে।

দুনিয়াতে বেঁচে থাকতে নিরাপদ মানুষের এত বেশি প্রয়োজন কেন? কারণ, নিরাপদ মানুষেরাই সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ধরুন, আপনি একজন কর্মস্থলের সহকর্মী কিংবা একজন ভাড়াটিয়া। আপনি যদি একজন নিরাপদ মানুষ হন, তাহলে কর্মস্থলের অন্যান্য সহকর্মী এবং বাসার আশপাশের অন্য ভাড়াটিয়ারা আপনাকে একজন নিরাপদ মানুষ হিসেবে বিবেচনা করবেন। আপনার কাছে তারা সবসময় নিজেদের নিরাপদ মনে করবেন। পক্ষান্তরে, আপনি-আমি যদি অনিরাপদ মানুষ হই, তাহলে আমাদের কাছে অন্যরা নিজেদের অনিরাপদ ও অসহায় মনে করবেন। এতে তাদের মধ্যে সবসময় একধরনের অস্বস্তি কাজ করবে, যা তাদের স্বাভাবিক জীবনযাপনে অশান্তি সৃষ্টি করবে এবং নেতিবাচক প্রভাব ফেলবে।

তাই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ মানুষ হতে হবে। পাশাপাশি অন্যদেরও নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে। তবেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ জীবনব্যবস্থা ও সুন্দর সমাজ।

লেখক : খতিব, মসজিদ-এ-ক্বোবা, সাভার পৌরসভা, সাভার, ঢাকা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...