শীতকাল এলেই বাংলাদেশের গ্রামগঞ্জে, শহর-বন্দরে শুরু হয় ওয়াজ মাহফিলের আয়োজন। মসজিদ, মাদরাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত এসব মাহফিল মুসলিম সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোরআন-হাদিসের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া, নৈতিকতা প্রতিষ্ঠা এবং অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানানোর ক্ষেত্রে ওয়াজ মাহফিলের ভূমিকা অনস্বীকার্য। তবে এই আয়োজনের প্রকৃত উদ্দেশ্য সফল করতে বক্তা ও শ্রোতা উভয়েরই কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
বক্তার দায়িত্ব ও কর্তব্য
একজন ইসলামি বক্তা শুধু বক্তব্য প্রদানকারী নন, বরং তিনি দ্বীনের একজন দাঈ বা প্রচারক। তার বক্তব্যের মাধ্যমে মানুষ ইসলামের শিক্ষা গ্রহণ করে এবং জীবনের পথনির্দেশনা পায়। তাই একজন বক্তার প্রথম দায়িত্ব হলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে নির্ভরযোগ্য বক্তব্য উপস্থাপন করা। যাচাই-বাছাই ছাড়া কোনো ঘটনা, হাদিস কিংবা ধর্মীয় তথ্য প্রচার না করা।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘আপনি আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে।’ (সুরা নাহল : ১২৫) এ আয়াত থেকে স্পষ্ট হয়, ইসলামের দাওয়াত হতে হবে প্রজ্ঞাপূর্ণ, সুন্দর ও কল্যাণমুখী। বক্তার উচিত মানুষের মধ্যে তাকওয়া, সততা, মানবিকতা, পারিবারিক দায়িত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি জাগ্রত করা। কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন এবং ইসলামি জীবনবিধান সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। আল্লাহর ভয় (তাকওয়া) এবং পরকালের জবাবদিহির অনুভূতি মানুষের অন্তরে জাগিয়ে তোলা। মানুষের পারস্পরিক আচরণ, সততা, ন্যায়পরায়ণতা, এবং উত্তম চরিত্র গঠনের শিক্ষা দেওয়া। আমলের স্পৃহা তৈরি করা। সুদ, ঘুস, অন্যায়, দুর্নীতি, অনাচার ও সামাজিক অসংগতি দূর করে একটি শান্তিময় ও আদর্শ সমাজ গঠনে উদ্বুদ্ধ করা। নবীজির আদর্শ অনুসরণে সুন্নাহ ও জীবনচরিত বাস্তব জীবনে অনুশীলনের তাগিদ দেওয়া।
বক্তব্যে অপ্রয়োজনীয় বিতর্ক, ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষ কিংবা অন্যকে হেয় করার প্রবণতা পরিহার করতে হবে। বিশেষ করে জনপ্রিয়তা অর্জনের জন্য অতিরঞ্জিত ঘটনা, ভিত্তিহীন কাহিনি ও আবেগনির্ভর বক্তব্য থেকে বিরত থাকা জরুরি। একজন বক্তার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। কারণ মানুষ শুধু তার বক্তব্য শোনে না, তার ব্যক্তিগত আচরণ থেকেও শিক্ষা গ্রহণ করে। তাই বক্তার জীবনাচরণ হওয়া উচিত ইসলামের আদর্শের প্রতিফলন।
শ্রোতার করণীয়
ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়া শুধু সওয়াব অর্জনের একটি উপলক্ষ নয়, বরং দ্বীনি জ্ঞান অর্জন ও আত্মশুদ্ধির সুযোগ। তাই শ্রোতাদের উচিত মনোযোগসহ বক্তব্য শোনা, অপ্রয়োজনীয় কথাবার্তা ও বিশৃঙ্খলা থেকে বিরত থাকা এবং অর্জিত শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা। কোনো বক্তার সব বক্তব্য অন্ধভাবে গ্রহণ না করে কোরআন-সুন্নাহর আলোকে সঠিক বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। বক্তার মতের সঙ্গে মতের অমিল হলে শালীনতা ও ভদ্রতা বজায় রাখাও জরুরি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’ (বুখারি : ৬০১৮) এই হাদিসের শিক্ষা ওয়াজ মাহফিলের বক্তা ও শ্রোতা উভয়ের জন্যই প্রাসঙ্গিক।
মাহফিলের প্রকৃত সার্থকতা
ওয়াজ মাহফিলের সাফল্য মানুষের উপস্থিতির সংখ্যা, মঞ্চের জাঁকজমক কিংবা বক্তার জনপ্রিয়তার ওপর নির্ভর করে না। বরং মাহফিল থেকে ফিরে মানুষের জীবনে কতটুকু পরিবর্তন এসেছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজের প্রতি যত্নশীল হওয়া, অন্যের অধিকার রক্ষা, সুদ-ঘুস ও দুর্নীতি পরিহার, পারিবারিক সম্পর্কের উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি হওয়াই উচিত এসব আয়োজনের অন্যতম লক্ষ্য। ওয়াজ মাহফিল হোক কোরআন-সুন্নাহর বিশুদ্ধ শিক্ষা প্রচারের মাধ্যম। বক্তারা দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য দেবেন, আয়োজকরা শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখবেন এবং শ্রোতারা অর্জিত জ্ঞান অনুযায়ী নিজেদের জীবন গড়বেন—এটাই প্রত্যাশা। মনে রাখতে হবে, ওয়াজ শোনার প্রকৃত সার্থকতা শুধু আবেগাপ্লুত হওয়া নয়, বরং আল্লাহর নির্দেশনা মেনে জীবন পরিচালনায় আত্মনিয়োগ করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

