কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা বাড়ছে। এই চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র ও চীনে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়তে পারে। ফলে ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টার খাতের কার্বন নিঃসরণ ৭০ শতাংশ বেড়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
সংস্থাটির বার্ষিক ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে। এই বাড়তি চাহিদার প্রায় তিন-চতুর্থাংশই তৈরি হবে এআই প্রযুক্তির প্রসারের কারণে।
আইইএর হিসাবে, আগামী চার বছরে এআই ডেটা সেন্টারগুলোতে বছরে অতিরিক্ত ৩৫০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন হবে। এই পরিমাণ বিদ্যুৎ যুক্তরাজ্যের এক বছরের মোট বিদ্যুৎ ব্যবহারের চেয়েও বেশি।
ডেটা সেন্টারে এআইসহ বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালনার জন্য বিপুলসংখ্যক কম্পিউটার সার্ভার রাখা হয়। এসব সার্ভার চালু রাখা এবং অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের স্থাপনার সংখ্যাও দ্রুত বাড়ছে।
তবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আইইএ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীনের এআই ডেটা সেন্টারগুলোর প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় অর্ধেক আসবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। বাকি বিদ্যুতের বড় অংশ আসবে নবায়নযোগ্য উৎস থেকে। পারমাণবিক বিদ্যুতের অবদান থাকবে তুলনামূলক কম।
অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রায় ১৮০ গিগাওয়াট সক্ষমতার নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল। এই সক্ষমতা ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে স্থাপিত মোট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কাছাকাছি।
কানাডায় ডেটা সেন্টারের জন্য নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ১১ গিগাওয়াটের। যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার খাতে গ্যাস ব্যবহারের পরিকল্পনা কানাডার তুলনায় ১৬ গুণেরও বেশি। অন্য দেশগুলোতে এআই অবকাঠামোর জন্য নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবিত সম্মিলিত সক্ষমতা মাত্র ৪ গিগাওয়াট।
তবে ইউরোপীয় ইউনিয়নের পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। আইইএর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের প্রায় ৭০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে। বাকি চাহিদার বড় অংশ পূরণ হবে পারমাণবিক ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ দিয়ে। কয়লার ব্যবহার থাকবে খুবই সামান্য।
আইইএর বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে বিশ্বে ডেটা সেন্টারগুলোর মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১২০ গিগাওয়াট। এর ৮০ শতাংশই রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে আরও ১২০ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার যুক্ত হতে পারে। নতুন সক্ষমতার প্রায় তিন-চতুর্থাংশই হবে এআইকেন্দ্রিক।
এআই সার্ভারের বৈশ্বিক সরবরাহের তথ্য এবং স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৯৩টি বড় এআই অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করে পূর্বাভাস তৈরি করেছে আইইএ। সংস্থাটির হিসাবে, ২০২০ সালের তুলনায় এআই সার্ভারের বার্ষিক সরবরাহ ১৮ গুণ বেড়েছে।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, জ্বালানি খাতের ভবিষ্যৎ এখন বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ক্রমবর্ধমান জনসংখ্যা, শীতাতপনিয়ন্ত্রণের বাড়তি চাহিদা এবং এআই অর্থনীতির বিস্তারের কারণে বিশ্বে বিদ্যুতের প্রয়োজন আরও বাড়বে।
সংস্থাটির আশঙ্কা, এআই প্রযুক্তির বিস্তার অর্থনীতি ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করলেও বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০২৬ প্রতিবেদন ও আনাদোলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


