চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ২৯ মিনিটে পূর্ব হিঙ্গুলী এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মোহন দের মুঠোফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল আসে। এ সময় কলদাতা তাকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি।
জিডিতে মোহন দে আরও উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ঘটনায় তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মোহন দে বলেন, বিএনপি-ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার কারণে মুঠোফোনের অপর প্রান্ত থেকে তাকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। ডিসেম্বর মাসের পর তাকে কেটে টুকরো করে ফেনী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, আমরা জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

