ফেনীতে সপ্তাহের ব্যবধানে নতুন এসপি, হাবীবুল্লাহকে পাঠানো হলো খাগড়াছড়িতে

ফেনীতে সপ্তাহের ব্যবধানে নতুন এসপি, হাবীবুল্লাহকে পাঠানো হলো খাগড়াছড়িতে

ফেনীতে সপ্তাহের ব্যবধানে নতুন এসপি পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. হাবীবুল্লাহ। দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিনের মাথায় তাকে ফেনী থেকে সরিয়ে দেওয়া হলো।

তার আগে মো. হাবীবুল্লাহ গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে ফেনীতে বদলি করা হয়েছিল। একই সময়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দেন। পাঁচ মাসের মাথায় বদলির আদেশ পেয়ে গত ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

প্রসঙ্গত, ফেনীর নতুন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ইতিপূর্বে দীর্ঘদিন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের এএসপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন