মির্জাগঞ্জে সকালে হাঁটতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মির্জাগঞ্জে সকালে হাঁটতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে ফজরের নামাজ শেষে সড়কে হাঁটতে গিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় শামসুল আলম নয়া মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সাখাওয়াত হোসেন নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে বাকেরগঞ্জ–বরগুনা সড়কের উত্তর চৈতা আকন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম নয়া মিয়া ও গুরুতর আহত সাখাওয়াত হোসেনের বাড়ি উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে। তাদের বাড়ি পাশাপাশি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল আলম ও সাখাওয়াত হোসেন ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন। বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে আকন বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় শামসুল আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সাখাওয়াত হোসেন। স্বজনেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন, তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের ছেলে মো. আল আমিন জানান, শুক্রবার সকালে তার বাবা ফজরের নামাজ পড়ে হাঁটতে যান। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন