জানালেন এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া ও রাঙ্গাবালীকে আদর্শ উপজেলায় রূপান্তর করতে চাই

কলাপাড়া ও রাঙ্গাবালীকে আদর্শ উপজেলায় রূপান্তর করতে চাই
ছবি: আমার দেশ

কলাপাড়া ও রাঙ্গাবালীকে বাংলাদেশের মধ্যে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে গ্রেপ্তার করা হলে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারলেও আমার মুক্তির দাবিতে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম নানা কর্মসূচি পালন করেছে। এ জন্য তিনি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, দীর্ঘদিন পর কলাপাড়ায় জাতীয়তাবাদী শক্তির একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হলো। এই অল্প সময়ের মধ্যেই দেশকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

কুয়াকাটার পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এবার কলাপাড়ায় জাতীয় পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে, যা সাধারণত ঢাকায় আয়োজন করা হয়। এতে দুই থেকে তিন লাখ মানুষের সমাগম হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কার্নিভালের পর কুয়াকাটায় পর্যটকের সংখ্যা আশাতীতভাবে বেড়েছে। ফলে স্থানীয় হোটেল-মোটেলগুলোও আর্থিকভাবে লাভবান হচ্ছে।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে কুয়াকাটার পুরোনো পর্যটন করপোরেশন ভবন ভেঙে সেখানে নতুন ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণের নির্দেশনার কথা জানা গেছে। এ ছাড়া নবগঠিত কুয়াকাটা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করতে সরকার ১৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

এলাকার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কলাপাড়া ও রাঙ্গাবালী বাংলাদেশের আদর্শ উপজেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদী। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক মামলা-হামলার ঘটনা থাকলেও কলাপাড়ায় এ ধরনের কোনো সমস্যা নেই। সবাই মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে চান বলেও তিনি জানান।

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সোয়েব মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মজিবর ফকির, নেসার উদ্দীন টিপু ও সাইফুল মুর্তজা জাকিরসহ অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন