বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এমপির গাড়ির বহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সোহেল রানা তালুকদার (৪৭) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল রানা উপজেলার রামভল্বপুর খাদুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একই এলাকার শিমুলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনি গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় পৌঁছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

