পীরগঞ্জে টাঙ্গন নদ পারাপারে ৮ গ্রামের মানুষের দুর্ভোগ

পীরগঞ্জে টাঙ্গন নদ পারাপারে ৮ গ্রামের মানুষের দুর্ভোগ
টাঙ্গন নদ পারাপার। ছবি: আমার দেশ

একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদ পারাপার হচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩৫ হাজার মানুষ। বর্ষায় নদ পার হতে হয় কলাগাছের ভেলায় আর শুকনো মৌসুমে ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হচ্ছে শিশু, শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে। স্বাধীনতার পর থেকে এমন দুর্ভোগ পোহালেও আজও নির্মিত হয়নি একটি সেতু।

টাঙ্গন নদ পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ, খনগাঁও এবং সৈয়দপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর পূর্ব পাশের মানুষকে নদ পাড় হয়ে উপজেলা সদর এবং কোষারাণীগঞ্জ এবং খনগাঁও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হয়। নদীর পূর্ব পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এরই মধ্যে দুটি সেতু নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে সৈয়দপুর ও কোষারণীগঞ্জ ইউনিয়নের মানুষ উপকৃত হলেও টাঙ্গন নদের ঘিডোব ঘাটে সেতু না থাকায় চরম বিপাকে পড়তে হয় পূর্ব পাড়ের ঘিডোব, হাবীবপুর, অতরগাঁওসহ আটটি গ্রামের মানুষকে। বর্ষা মৌসুমে কলার ভেলায় এবং খড়া মৌসুমে স্থানীয়দের নিজস্ব উদ্যোগে প্রতি বছর তৈরি করা হয় বাঁশের সাঁকো। কিন্তু বছর ঘুরতেই নড়বড়ে হয়ে পড়ে সেটি। জীবিকার তাগিদে প্রতিদিনই এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয় শত শত নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুকে।

বিশেষ করে বর্ষা মৌসুমে বেড়ে যায় দুর্ভোগ। নদের পানি বাড়লে সাঁকো ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। তখন কলাগাছের ভেলায় পার হতে হয় নদ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

শুধু মানুষের চলাচল নয়, এখানে সেতুর অভাবে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যও। স্থানীয় কৃষকদের উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ। ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় কৃষক ও সাধারণ মানুষকে। ভারী মালামাল নিয়ে নদ পারাপার আরো কষ্টসাধ্য। প্রায় ৯ কিলোমিটার ঘুড়ে বাজারে যেতে হয়। এতে উৎপাদিত পণ্য বাজারজাত করতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।

ঘিডোব গ্রামের অনিল চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও আসবে ইতিবাচক পরিবর্তন।

বিএনপি নেতা নুরুজ্জামান জানান, ঘিডোবে একটি সেতু জরুরি হয়ে পড়েছে। আট গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, সেখানে সম্ভাব্যতা যাচাই করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জানান, টাঙ্গন নদে এরই মধ্যে দুটি সেতু করা হয়েছে। ঘিডোব ঘাটেও সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ডিও দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...