আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধা ও মারধরের শিকার হওয়ার অভিযোগ এনে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মামলা করেন সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থক মো. আহাদ। এর কয়েক ঘণ্টা পর রোববার রাতেই পাল্টা মামলা হয়েছে রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে।

রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া।

বিজ্ঞাপন

মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। যার নম্বর (১৭)২৩/২/২৬ ইং।

মামলার এজাহারে বলা হয়, একুশে ফেব্রুয়ারির ভোরে আনোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ‘ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার’ ও তার বাসভবনের সামনে অভিযুক্তরা জড়ো হয়ে গালাগাল শুরু করে। প্রতিবাদ করতে গেলে বাদীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

শহীদ মিনারে স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত ঘটে বলেও উল্লেখ করা হয়।

এর আগে একই ঘটনায় রোববার রুমিন ফারহানার সমর্থক আহাদ মিয়ার করা মামলায় বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করা হয়; ওই মামলায়ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।

পরে তিনি জামিন লাভ করেছেন বলে নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি নিজ সংসদীয় এলাকা সরাইল উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধার মুখে পড়েন রুমিন ফারহানা।

সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠার পর তিনি শ্রদ্ধা নিবেদন না করেই স্থান ত্যাগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন