পাবনার ঈশ্বরদী পৌর শহরে ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চাঁদ আলীর মোড় থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালিত হয়।জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনে ফুটপাত এবং সড়কের অংশ দখলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। এ সময় থানা পুলিশ ও র্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জানা গেছে, শহরের চাঁদ আলীর মোড় থেকে রেলগেট পর্যন্ত বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়া কয়েকটি ফলের দোকানে মূল্য তালিকা না রাখা, ভাউচার প্রদর্শন না করা এবং অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও পাওয়া যায়।
অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দুটি ফলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও মো. আরিফুর রহমান বলেন, ফুটপাত দখল করে অবাধে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসন কাজ করছে। দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, পৌরসভার খাদ্য পরিদর্শক মো. আবুল কায়সার সুজা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

