ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে: শিবির সভাপতি

ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘বিশ্বব্যাপী যে শিক্ষা কাঠামো গড়ে তোলা হয়েছে, সেখানে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের দেশেও যে শিক্ষা কাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে, তা হলো পরীক্ষাসর্বস্ব। এখানে শুধু পরীক্ষা নেওয়া হয়, পাস দেওয়া হয় আর সার্টিফিকেট দেওয়া হয়। আর এই কাঠামো ১৮৮৩ সালে তৈরি করা হয়েছিল। সেই কাঠামো এখনো রয়ে গেছে। আমাদের জাতিকে গড়ে তোলার জন্য যে ধরনের শিক্ষা কাঠামো প্রয়োজন, তা গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত করে রাখা হয়েছে। আধিপত্যবাদীরা আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্য এমনভাবে কাজ করছে, যেখানে তারা যা বলে, আমাদের তা-ই শুনতে হয়। আর এ জন্যই আওয়ামী লীগ অতীতে ভারতের কথা শুনেছে। ভারত যেভাবে বলেছে, আমাদের শিক্ষা কাঠামো সেভাবে সাজানো হয়েছে। আর সামগ্রিকভাবে নিজেদের যদি দাসত্ব থেকে মুক্ত করতে হয়—আমরা কীভাবে মুক্ত হব? আমাদেরকে ফেসবুক ও ইউটিউবের রিলসে আসক্ত করা হয়েছে। আমাদের অধিকাংশ ছেলেই এসবে আসক্ত। আমাদের এসব থেকে বের হতে হবে।

মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।

সাদ্দাম আরো বলেন, ‘আলিম পড়ার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়েই তোমাকে নিজেকে গড়ে তুলতে হবে। তোমাকে কাজে লাগাতে হবে। তোমাকে ইলম অর্জন করতে হবে। নিজেকে নিজে তৈরি করতে হবে। নিজেকে নিজে তৈরি না করলে কেউ তোমাকে স্মরণ করবে না। তোমাকে সফল হতে হবে। ব্যর্থ হলে তোমার পাশে কেউ থাকবে না। আমাদের উদ্দেশ্য হবে ইলম। আমরা ইলম অর্জন করব। ছাত্রশিবির এ জন্য সব সময় তোমাদের পাশে থাকবে।’

অফিস সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন