এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেট ও কারওয়ান বাজার এলাকার হোটেল সোনারগাঁওয়ের ১ নম্বর গেটের সামনে মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে এবং এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে এ বিস্ফোরণ দুটি ঘটে।

বিজ্ঞাপন

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

অন্যদিকে সোনারগাঁও হোটেলের সামনের বিস্ফোরণের বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম উপস্থিত হয়। কারা ও কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তা শনাক্তে জোর তদন্ত চলছে।

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন