আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা

আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সদস্য রবিউল ইসলাম রাজুকে প্রকাশ্যে হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রতিবাদ বিবৃতিতে এমআরএ জানায়, ঘটনার ভিডিওতে চিত্রনায়িকা পরীমণিকে সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিতে দেখা গেছে। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা বডিগার্ডদের মাধ্যমে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।

এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে প্রকাশ্যে হেনস্তা, গালিগালাজ ও হুমকির শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। কিন্তু প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন কিংবা বডিগার্ড দিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এমআরএর সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত, আহত সাংবাদিকদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলা ও হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

বিবৃতিতে এমআরএ আরও জানায়, সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, গালিগালাজ ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে সংগঠনটি আপসহীন। একজন সাংবাদিকের ওপর হামলা পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও স্বাধীনতার ওপর আঘাত। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সব সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন