কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। এ সময় জিম্মি থাকা ৫৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত এই যৌথ আভিযানিক দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনেময়ের ঘটনা ঘটে।
গুলিবিনেময়ের একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি করে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া মানবপাচারকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন নাগরিককে নিরাপদে উদ্ধার করে যৌথ বাহিনী।
দেশমাতৃকার সেবায় ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


