২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন উৎসবের আমেজ তৈরি হয়েছে, তেমনি কুষ্টিয়ার ভেড়ামারায়ও দেখা যাচ্ছে তীব্র ফুটবল উন্মাদনা। ভেড়ামারা ৩ নম্বর জিকে ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়ে সমর্থকেরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করছেন।
ব্রিজের এক প্রান্তে আর্জেন্টিনার নীল-সাদা পতাকা উড়িয়ে আর্জেন্টিনা সমর্থকেরা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন। অন্য প্রান্তে সবুজ-হলুদ ব্রাজিলীয় পতাকায় সেজেছে ব্রাজিল সমর্থকদের এলাকা।
দুই দলের সমর্থকদের এই শান্তিপূর্ণ প্রতিযোগিতা ভেড়ামারার সাধারণ মানুষের মধ্যে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।
ফুটবল ভক্ত মামুন অর রশিদ জানান, বিশ্বকাপের সময় এ ধরনের উৎসব সবাইকে আনন্দ দেয়। তবে তারা আশা করছেন, সমর্থনের এই প্রতিযোগিতা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয়। সবাই যেন খেলা উপভোগ করেন এবং শান্তিপূর্ণভাবে সমর্থন জানান।
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন বাকি। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে এমন উৎসবমুখর দৃশ্য দেখে বোঝা যায় ফুটবল কতটা গভীরভাবে বাংলাদেশের মানুষের হৃদয়ে জড়িয়ে আছে। ভেড়ামারার এই জিকে ব্রিজ এখন দুই মহান ফুটবল শক্তির সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
ফুটবলপ্রেমীদের প্রতি আহ্বান: খেলা উপভোগ করুন, সমর্থন জানান, কিন্তু শান্তি বজায় রাখুন। বিশ্বকাপ যেন সবার জন্য আনন্দের উৎস হয়ে ওঠে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

