সিরাজগঞ্জের কামারখন্দের একটি গ্রামে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের (৫০) টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
গরুগুলোর দুটি লাল, দুটি ছাই রঙের এবং একটি সাদা ষাঁড় ছিল। এসব গরুর আনুমানিক দাম প্রায় আড়াই লাখ টাকা। এর কিছুক্ষণ পর, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য, বর্তমানে কৃষিজীবী মো. বজলুর রহমানের (৫৯) গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভি ও একটি সাদা এঁড়ে বাছুর চুরি করে নিয়ে যায়।
বজলুর রহমান বলেন, গরু একটি নীল রঙের পিকআপে তোলার সময় তার ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে তিন-চারজনের একটি দল দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের দুটি বাড়ি থেকে মোট সাতটি গরু চুরি হয়েছে।
গরু ব্যবসায়ী নাসির মণ্ডল বলেন, রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাশমত আলী বলেন, রাত থেকেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ওই এলাকায় এখনো পুলিশ কাজ করছে। চোরদের শনাক্ত ও গরুগুলো উদ্ধারে কাজ চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

