পটিয়ায় পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার
সাপের ডিম। ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় একটি এবাদতখানা থেকে বিষধর পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরপাড় চিশতীয়া খানকাহ শরীফ নামে একটি এবাদতখানা থেকে ‘চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর একটি দল দীর্ঘ প্রচেষ্টার পর ডিমগুলো নিরাপদ অবস্থায় উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের নতুন পুকুরের পাড় এলাকার চিশতীয়া খানকাহ শরীফ একটি এবাদতখানার এক কোণের জরাজীর্ণ স্থানে একটি সাপ দেখতে পান। পরে সাপ রেসকিউ টিমকে খবর দিলে সাপ উদ্ধার করতে গিয়ে দেখা মিলে ১২টি ডিম।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আকার ও ধরন সাধারণ ডিমের চেয়ে ভিন্ন হওয়ায় তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী সেখানে ভিড় জমান। প্রাথমিকভাবে কেউ কেউ ডিমগুলো নষ্ট করার চেষ্টা করলেও, স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তির হস্তক্ষেপে বন বিভাগে খবর দেওয়া হয়। পরবর্তীতে স্নেক রেসকিউ টিম ঘটনাস্থলে এসে ডিমগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ ব্যাপারে চিশতীয়া খানকাহ শরীফ পরিচালনা কমিটির সভাপতি সেলিম উল্লাহ বলেন, সোমবার রাতে খানকা শরীফের এক কোণে জরাজীর্ণ স্থানে একটি সাপ দেখতে পাই। সাপটি উদ্ধার করার জন্য রেসকিউ টিমকে খবর দিলে উদ্ধার করতে গিয়ে দেখা যায় ১২ ডিম। পরে নিরাপদে ডিম গুলো উদ্ধার করে নিয়ে যায়।

​এ ব্যাপারে চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশ-এর সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় জানান, উদ্ধার হওয়া ডিমগুলো অত্যন্ত বিষধর পদ্ম গোখরো সাপের। ডিমগুলো সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম উপায়ে এগুলো থেকে বাচ্চা ফোটানো হবে, যাতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগবে। বাচ্চাগুলো ফুটে বের হলে সেগুলোকে লোকালয় থেকে দূরে কোনো গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

​তিনি আরও জানান, ডিম উদ্ধারের সময় মা সাপটি সম্ভবত খাদ্যের সন্ধানে বাইরে থাকায় সেটিকে পাওয়া যায়নি। বন্যপ্রাণী সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাপ পরিবেশের পরম বন্ধু এবং জীববৈচিত্র্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। লোকালয়ে সাপ বা সাপের ডিম দেখলে আতঙ্কিত হয়ে সেগুলোকে আঘাত না করে তৎক্ষণাৎ বন বিভাগ বা উদ্ধারকারী দলকে জানানোর জন্য আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন