রংপুরের কাউনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নিজপাড়া এলাকায় জামায়াত কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোশাররফ হোসেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের মৃত রমজানের ছেলে। তিনি সন্ত্রাস ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, মোশাররফ হোসেন কাউনিয়া উপজেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি।
স্থানীয়দের আরও দাবি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন মোশাররফ। তাঁদের সংগঠিত করার জন্য অর্থের জোগানদাতা হিসেবেও তিনি কাজ করছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং যুবলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সংলগ্ন একই ভবনের একটি কক্ষ থেকে মোশাররফকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানান, মোশাররফ হোসেন সন্ত্রাস ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তাদের সংগঠিত করার চেষ্টার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

