ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার
বহিষ্কার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন

সরকারি ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে সোহেল আহমেদ মালিক সুজনের বিরুদ্ধে খাদ্যদ্রব্য, বিশেষ করে ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা বিএনপি বিষয়টিকে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেছে। ঘটনার পর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ দিন আগে সুজনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি নোটিশের কোনো জবাব দেননি।

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া বিএনপির নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বহিষ্কৃত নেতা সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে।

দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি সম্প্রতি সাংগঠনিক অবস্থানে আরও কঠোরতা অবলম্বন করছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা মনে করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...