মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রঘুরামপুর পর্যন্ত মাত্র ৪-৫ কিলোমিটার সড়ক নির্মিত না হওয়ায় দুই উপজেলার প্রায় তিন লাখ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুকনো মৌসুমে অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করা গেলেও বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। প্রতিকূল আবহাওয়ায় এ পথে যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে মধ্যনগরের পশ্চিমাঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দুই অঞ্চলের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠায় মধ্যনগর-কলমাকান্দা সড়কটি অলওয়েদার বা সারা বছর চলাচল উপযোগী করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

এ দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মধ্যনগর আখড়া সংলগ্ন কলমাকান্দা-মধ্যনগর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষক, চালক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালে মধ্যনগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখনো এখানে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে ওঠেনি। ফলে চিকিৎসাসেবার জন্য মধ্যনগরের অনেক মানুষকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভর করতে হয়। অথচ দুই উপজেলার মধ্যে সারা বছর চলাচল উপযোগী সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় রোগী পরিবহনসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যনগর সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী একটি উপজেলা। এ অঞ্চলের অনেক মানুষ নেত্রকোনা হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু মধ্যনগর থেকে কলমাকান্দার রঘুরামপুর পর্যন্ত সংযোগ সড়কটি নির্মিত না হওয়ায় সহজ যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। মাত্র ৪-৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সড়কের অভাবে দীর্ঘদিন ধরে দুই অঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই পানি চলাচলের স্বাভাবিক পথ অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণের মাধ্যমে পরিকল্পিতভাবে সড়কটি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সড়কটির টেকসই নির্মাণ ও সারা বছর চলাচলের উপযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রতি সড়কটি নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার, ডা. মুক্তাদির হোসেন, সাইদুর রহমান জিয়া, কামাল হোসেন, কবি অসীম সরকার ও শিক্ষক আরিফুর রহমান খান। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা এলজিইডির প্রকৌশলী মুন্সি শাহাবুদ্দিন বলেন, মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা সড়কটির ইতোমধ্যে সাড়ে ছয় কিলোমিটার অংশ সাবমার্সিবল সড়ক হিসেবে নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে সড়কটি অলওয়েদার সড়কে উন্নীত করার পরিকল্পনা আমাদের রয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, মধ্যনগরের সঙ্গে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নত করতে ইতোমধ্যে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে কথা হয়েছে। দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব এবং সড়ক যোগাযোগের উন্নয়নে খুব শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...