কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর থেকে উপজেলা সদরে যাওয়ার প্রায় ১০ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কুমিল্লা ক্যান্টনমেন্ট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের উপযোগীতা হারিয়ে ফেলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পার হলেও সড়কটিতে কোনো উল্লেখযোগ্য সংস্কার কাজ করা হয়নি। ফলে প্রতিদিন এই সড়কে চলাচলকারী যাত্রী, ব্যবসায়ী, রোগী, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দেয়। এই মারাত্মক ঝুঁকির মধ্যেই সিএনজি চালিত অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।
নিয়মিত যাতায়াতকারী ব্যবসায়ী মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক দিয়ে অত্যন্ত কষ্টে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত মেরামত না করা হলে জনঅসন্তোষ আরো বাড়বে।
সিএনজি চালক আবুল হোসেন বলেন, ভাঙাচোরা সড়কে গাড়ি চালাতে গিয়ে বারবার বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। যা আয় করি, তার সিংহভাগই গাড়ি মেরামতে চলে যায়।
রামপুরের বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম সুমন জানান, কুমিল্লা ক্যান্টনমেন্টে সহজে যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সংস্কার না হওয়ায় বিশেষ করে মুমূর্ষু রোগীদের চলাচলে দুর্ভোগের সীমা থাকে না।
এছাড়া সড়কটিকে ঘিরে গড়ে ওঠা শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয় জিহান গ্রুপের প্রায় ১২ হাজার শ্রমিক প্রতিদিন এই পথে যাতায়াত করেন। প্রতিষ্ঠানটির মালিক (সিআইপি) শাহজাদা রনি জানান, রাস্তা খারাপ থাকায় শ্রমিকদের দ্বিগুণ ভাড়া গুণতে হয়। পাশাপাশি তাদের নিজস্ব পরিবহনও ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সড়কের সংস্কার কাজের বিষয়ে বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর জানান, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারের কাজ দেওয়া হয়েছিল। তবে কাজের দীর্ঘসূত্রতার কারণে তাদের কার্যাদেশ বাতিলসহ জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে বুড়িচংয়ের ইউএনও তানভীর হোসেন জানান, সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে এবং অবহেলাকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


